রতুয়া, ১৪ অগস্ট: সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। টাকা দেওয়ার পরও কাজ না মেলায় ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন রতুয়ার তৃণমূল নেতা তথা সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস।
অভিযোগ, সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছিলেন শ্রবণ। পরে কাজ না মেলায় টাকা ফেরত চাওয়া হলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগও রয়েছে। লিখিত অভিযোগের পর রতুয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের উদ্দেশে শ্রবণ কুমার দাসকে বলতে শোনা যায়, “পাঁচ বছর পর দেখে নেব।” এই মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রবণ। তাঁর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁকে ফাঁসানো হয়েছে।
শ্রবণ কুমার দাস রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। তবে বিধায়ক সেই ঘনিষ্ঠতার দাবি খারিজ করে বলেন, “দলের প্রধান ছিল, তাই চিনি। এর বেশি জানি না। অন্যায় করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করবে।”
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি পুলিশের তদন্তেও নজর রয়েছে। অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।







