চাঁচল, ২৯ অক্টোবর: রায়গঞ্জের দ্বীপনগরে এইমস হাসপাতাল তৈরির ঘোষণায় উচ্ছ্বাস ছড়াল গৌড়বঙ্গ-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার রায়গঞ্জের সরকারি সভা থেকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণাকে স্বাগত জানিয়ে চাঁচলে বাজি ফাটিয়ে উদ্যাপনে মাতল বিজেপির যুব মোর্চা।
মালদার চাঁচল থেকে রায়গঞ্জের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। কাছাকাছি এলাকায় উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার আশায় খুশি চাঁচলের বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার রাতে চাঁচল সদরের নেতাজি মোড়ে বাজি ফাটিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান যুব মোর্চার সদস্যরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদহ বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা, চাঁচল বিধানসভার ৫ নম্বর মণ্ডলের যুব সভাপতি বাপি দাস-সহ সংগঠনের সদস্যরা।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উত্তরবঙ্গ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রান্তিক এলাকার মানুষকে কলকাতায় ছুটতে হত। তাঁদের দাবি, রায়গঞ্জে এইমস তৈরি হলে চিকিৎসার জন্য দূরে যাওয়ার ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবাতেও নতুন দিশা খুলবে।






