চাঁচল: হেলমেট ছাড়া বাইক চালানোর সময় থামিয়ে লাইসেন্স দেখতে চেয়েছিলেন ট্রাফিক ওসি। আর তাতেই তাঁকে ঘুষি মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় রক্তাক্ত হন ট্রাফিক ওসি আজমল হোসেন। তাঁর নাকে তিনটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ ঘটনাটি ঘটে মালদহের পুখুরিয়া থানার নওগামা এলাকায়। জানা গিয়েছে, পুখুরিয়ার দিকে যাওয়ার পথে হেলমেটবিহীন একটি বাইকে থাকা দুই যুবককে আটকান ট্রাফিক ওসি আজমল হোসেন। তাঁদের কাছে গাড়ির লাইসেন্স দেখতে চাইলে ওসির নাকে ঘুষি মারা হয় বলে অভিযোগ। এতে রক্তাক্ত হন তিনি।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবকের বাড়ি পরানপুর এলাকায়। তাঁরা সম্পর্কে দাদা-ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত বলেও জানা গিয়েছে।
ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাঁদের চাঁচল মহকুমা আদালতে পাঠানো হয়। কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।






