রতুয়া, ২৮ অক্টোবর: মেয়ের চিকিৎসার জন্য কষ্ট করে জমিয়েছিলেন আড়াই লক্ষ টাকা। কিন্তু আগুনের গ্রাস থেকে সেই সঞ্চয়ও রক্ষা করতে পারলেন না পরিযায়ী শ্রমিক রাজকুমার রবিদাস। নগদ টাকা, সোনার গয়না, আসবাবপত্র—সবই পুড়ে ছাই। বুধবার দুপুরে রতুয়া-১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত পথে বসেছে পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে আচমকাই রাজকুমারের বাড়িতে আগুন লাগে। সেই সময় তাঁর স্ত্রী রূপালী রবিদাস দুই নাবালক সন্তানকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি দুই শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান তাঁরা। এরপর নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। প্রায় এক ঘণ্টা পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘর-সহ প্রায় সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে।
পরিবারের দাবি, মেয়ের চিকিৎসার জন্য জমানো আড়াই লক্ষ টাকা, সোনাদানা ও ঘরের যাবতীয় জিনিস আগুনে নষ্ট হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পরিবারের এই চরম দুর্দিনে দ্রুত সরকারি আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।






