রতুয়া, ২৮ অক্টোবর: নেশা আর মোবাইলের অতিরিক্ত আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে ফুটবলকেই হাতিয়ার করল পুলিশ। মাঠে নামল ছয়টি দল, জমল লড়াই। শেষ হাসি হাসল রতুয়া। বুধবার রতুয়া স্টেডিয়ামে রতুয়া থানার উদ্যোগে আয়োজিত ছয় দলীয় ফুটবল টুর্নামেন্ট ঘিরে দেখা গেল এমনই ছবি।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় রতুয়া ও চাঁদমনি। শুরু থেকেই দুই দলের ফুটবলারদের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ইয়াকুব আলীর করা একমাত্র গোলই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়। ১-০ গোলে চাঁদমনিকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় রতুয়া। রানার্স-আপ হয় চাঁদমনি।
খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে তৈরি হয় উৎসবের পরিবেশ। উপস্থিত ক্রীড়াপ্রেমী ও যুবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য, নেশার কুপ্রভাব এবং মোবাইলের অতিরিক্ত আসক্তি থেকে তরুণ প্রজন্মকে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচলের এসডিপিও আফজাল আলী, সমাজসেবী অভিষেক মিশ্র-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের হাত দিয়ে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুলিশের বার্তা, যুবসমাজের শক্তি নেশায় নয়, মাঠের লড়াইয়ে। সুস্থ জীবন গড়তে খেলাধুলার বিকল্প নেই।






