চাঁচল: কখনও গানের সুরে, কখনও কথার ছন্দে—মাদকাসক্তি ও সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়াল চাঁচল থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁচল শহরের নেতাজি মোড়ে পুলিশের এই অভিনব উদ্যোগ ঘিরে পথচলতি মানুষের ভিড় জমে যায়। এদিন চাঁচল থানার এসআই মনিরুল ইসলাম গান গেয়ে সাধারণ মানুষকে মাদকের ভয়াবহ পরিণতি এবং সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক করেন। পুলিশের এমন ব্যতিক্রমী প্রচার নজর কাড়ে শহরবাসীর।
মাদকমুক্ত মালদা গড়তে সম্প্রতি একাধিক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। একদিকে মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হচ্ছে। গত বুধবারই রতুয়া থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে বার্তা দিতে আয়োজন করা হয়েছিল ফুটবল প্রতিযোগিতার। এবার চাঁচলে গানের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দিল পুলিশ।
পাশাপাশি, বাড়তে থাকা সাইবার প্রতারণা নিয়েও সাধারণ মানুষকে সতর্ক করা হয়। অপরিচিত ফোনকল, সন্দেহজনক লিঙ্ক এবং অনলাইন লেনদেনে অসতর্কতার বিপদ সম্পর্কে সচেতনতা ছড়ানোর এই উদ্যোগে অভিনবত্ব দেখছেন পথচলতি মানুষ। পুলিশের আশা, এমন সহজ ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।






