হরিশ্চন্দ্রপুর: পরপর একাধিক সাধারণ সভায় অনুপস্থিত থাকার অভিযোগে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের চার সদস্যের সদস্যপদ খারিজ করল প্রশাসন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর ১১(১)(d) ধারা অনুযায়ী পৃথক মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। অপসারিত সদস্যরা হলেন তৃণমূলের ইন্তেজা খাতুন এবং কংগ্রেসের জাহাদুল, মনোয়ার হোসেন ও শাহনাজ খাতুন।
অভিযোগ, পঞ্চায়েত গঠনের পর থেকেই তাঁরা একাধিক সাধারণ সভায় অনুপস্থিত থাকতেন। সভায় উপস্থিত থাকার জন্য বারবার নোটিস দেওয়া হলেও তাঁরা হাজির হননি বলে প্রশাসনের নথিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি, প্রধানের বিভিন্ন কাজে বাধা দেওয়া এবং পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ ব্যাহত করার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। প্রধানকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এমন আচরণ করা হচ্ছিল বলেও অভিযোগ।
মামলার শুনানিতে নোটিস যথাযথভাবে দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সদস্যদের দাবি ছিল, তাঁদের সঠিকভাবে নোটিস দেওয়া হয়নি। অন্যদিকে, আবেদনকারী পক্ষের দাবি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সভা পরিচালন ব্যবস্থার মাধ্যমে নিয়ম মেনে নোটিস পাঠানো হয়েছিল।
নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনার পর প্রশাসনের তরফে অভিযোগের সত্যতা স্বীকার করে চার সদস্যের সদস্যপদ খারিজের নির্দেশ দেওয়া হয়। ফলে কুশিদা গ্রাম পঞ্চায়েতে বর্তমানে চারটি সদস্যপদ খালি হল।







