হরিশ্চন্দ্রপুর: অকালেই থেমে গিয়েছিল তরুণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বেদান্ত আগরওয়ালের জীবন। তাঁর স্মৃতিকে শুধু শোকের মধ্যে আটকে না রেখে মানুষের উপকারে কাজে লাগানোর উদ্যোগ নিল হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন। প্রয়াত বেদান্তের স্মরণে হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গণে বসানো হল বিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা।
রবিবার ফিতে কেটে এই পরিষেবার উদ্বোধন করেন চাঁচল মহকুমার এসডিপিও সোমনাথ সাহা। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ, ব্যবসায়ী তিলকি গুপ্ত, অঙ্কিত চৌধুরী, বিবেক কেদিয়া, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেডিয়াসহ অন্যান্যরা।
প্রয়াত বেদান্ত আগরওয়ালের বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বেদান্ত শিলিগুড়িতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর স্মৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
থানায় আসা পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার ও সাধারণ মানুষের পাশাপাশি পাশের হাটে আসা ব্যবসায়ী এবং ক্রেতারাও এই পানীয় জলের সুবিধা পাবেন।
মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেডিয়া বলেন, বেদান্তের স্মৃতিকে শুধু শোকের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের উপকারে কাজে লাগানোই তাঁদের লক্ষ্য। একইসঙ্গে বাইক চালকদের হেলমেট পরে নিরাপদে চলাচলের বার্তাও দেওয়া হবে।







