হরিশ্চন্দ্রপুর: ঢাকে পড়ল কাঠি। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল হরিশ্চন্দ্রপুরের দক্ষিণী যুগদর্শী ক্লাব। এ বছর ৩৯তম বর্ষে পা দিল ক্লাবের দুর্গাপুজো। রবিবার খুঁটি পুজোকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এ বছর পুজোর বাজেট প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা। প্রতি বছরই অভিনব ভাবনা ও আকর্ষণীয় মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের নজর কাড়ে এই পুজো। এবারও থাকছে বিশেষ চমক। তবে পুজোর থিম ও মণ্ডপসজ্জার মূল ভাবনা আপাতত ‘সাসপেন্স’ হিসেবে গোপন রাখা হয়েছে।
ইতিমধ্যেই থিমকে সামনে রেখে মণ্ডপ তৈরির পরিকল্পনা শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তুতির কাজ আরও জোরকদমে শুরু হবে। ৩৯তম বর্ষের পুজোকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনই স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে কৌতূহল। ‘সাসপেন্স’ থিমে কী চমক অপেক্ষা করছে, এখন সেদিকেই নজর এলাকার মানুষের।







