মালদা: স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মালদহ জেলার স্বাস্থ্য দফতরের তিন শীর্ষ আধিকারিক। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে জারি করা মেমো অনুযায়ী, ২০২৫ এর এপ্রিল থেকে ২৬ সালের জুলাই পর্যন্ত সময়কালে ওই সময়ের তিনজন বিএমওএইচ-কে ‘টপ পারফর্মিং অফিসিয়াল’ হিসেবে চিহ্নিত করে নাম পাঠানো হয়েছে অতিরিক্ত জেলাশাসকের কাছে।
ওই তিনজন হলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের তৎকালীন বিএমওএইচ ড:ছোটন মণ্ডল, বাঙ্গিটোলা হাসপাতালের বিএমওএইচ ড: কৌশিক মিস্ত্রি ও বামনগোলা হাসপাতালের বিএমওএইচ ড: শুভ্রদীপ মণ্ডল। সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, NQAS, HPV টিকাকরণ, আয়ুষ্মান ভারতের সূচনা এবং TB মুক্ত ভারত অভিযানে উল্লেখযোগ্য কাজের জন্যই তাঁদের এই সম্মান বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। সম্মানপ্রাপ্তদের শুক্রবার বার্তা পাঠিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই স্বাস্থ্য দফতরের তরফে তাদের সম্মাননা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জেলার এক স্বাস্থ্য আধিকারিক জানান, এটি একটি দলের সম্মিলিত চেষ্টার ফল। বিএমওএইচ তাদের নেতৃত্ব দিয়েছেন। সকলকেই সম্মাননা জানানো হবে।







