মালদহ: দু’দিন বাদে অনাস্থা বৈঠক। তার আগেই ইস্তফা দিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি। শুক্রবার পদ থেকে আচমকা ইস্তফা দেন সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ ও সহকারী সভাধিপতি আবু তৈয়ব মহম্মদ রফিকুল হোসেন। দু’জনেই তৃণমূলের। দুপুরে তাঁরা মালদহ ডিভিশনাল কমিশনারের দফতরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। ফলে আপাতত ঝুলে গেল জেলা পরিষদের ভবিষ্যৎ। সোমবার হাইকোর্টের নির্দেশে অনাস্থা বৈঠক ডাকা হয়েছে। তার আগেই শীর্ষ পদে শূন্যতা তৈরি হল।
লিপিকা দাবি করেন, “দল আর নেই। মানুষের উন্নয়নের কথা ভেবেই সরে দাঁড়ালাম।” তৃণমূলের অভিযোগ, অনাস্থা আটকাতে চাপ দিয়ে বিজেপি ইস্তফা করিয়েছে। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। এই পরিস্থিতিতে এখন প্রশাসক বসে কিনা, তা নিয়েই জল্পনা তুঙ্গে।







