রতুয়া: মালদার রতুয়ায় একটি ধর্মস্থানের সম্পত্তি দখলমুক্ত করা এবং অভিযোগের ভিত্তিতে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে প্রশাসনিক ও পুলিশি পদক্ষেপের দাবিতে পথে নামল একটি সংগঠন। শুক্রবার দুপুরে রতুয়া স্টেডিয়াম থেকে মিছিল শুরু করেন সংগঠনের সদস্যরা। মিছিল শেষে রতুয়া থানা, বিডিও অফিস এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা।
সংগঠনের অভিযোগ, রতুয়া বিডিও অফিসের সামনে প্রায় ৮৮ শতক ধর্মস্থানের সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি স্থানীয় এক বিধায়কের দ্বারা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় সম্পত্তির দাবিদাররা ইতিমধ্যেই রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানানো হয়েছে।
সংগঠনের দাবি, অবিলম্বে ধর্মস্থানের সম্পত্তি দখলমুক্ত করে তার প্রকৃত উদ্দেশ্যে ব্যবহারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এদিন সংগঠনের পক্ষ থেকে থানা, বিডিও অফিস ও ভূমি সংস্কার দফতরে পৃথকভাবে স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রশাসনকে দাবি পূরণের জন্য ২০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা।







