চাঁচল: স্বাধীনতা দিবসের আগের দিন শুক্রবার চাঁচলে বড় আয়োজন করল বিজেপি। ৭০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে শহরজুড়ে তিরঙ্গা যাত্রা বের হয়। শিব মন্দির থেকে শুরু হওয়া মিছিল তরলতলা মোড় হয়ে বিভিন্ন পাড়া ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। তিরঙ্গা যাত্রায় পা মেলান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, জেলা নেতা রতন দাস, অভিষেক সিঙ্ঘানিয়া, সুভাষ কৃষ্ণ গোস্বামী, প্রসেনজিৎ শর্মা, দীপঙ্কর রাম প্রমুখ। কর্মী-সমর্থকদের হাতে ছিল পতাকা ও ত্রিবর্ণ বেলুন। ১৪ আগস্ট ‘বিভাজনের যন্ত্রণা স্মরণ দিবস’ উপলক্ষে আগে মৌন মিছিল ও পথসভাও হয়। সাংসদ মুর্মু বলেন, “দেশপ্রেম, ঐক্য আর সার্বভৌমত্বের বার্তা দিতেই এই উদ্যোগ।” দলের দাবি, চাঁচলে এত বড় তিরঙ্গা যাত্রা এই প্রথম।







