রতুয়া, ১৪ অগস্ট: জাল আধার কার্ড তৈরির অভিযোগে রতুয়া থানার পুলিশের জালে এক যুবক। ধৃতের নাম মিজানুর রহমান (২০)। বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের কালিয়া গ্রামে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার-সহ আধার কার্ড তৈরির নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রতুয়া এবং সংলগ্ন এলাকায় অন্যের পরিচয় ও আধার অথেন্টিকেশন আইডি ব্যবহার করে বেআইনিভাবে আধার কার্ড তৈরি করছিল ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রতুয়ার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরকাপ গ্রামে অভিযান চালায় রতুয়া থানার পুলিশ। সেখান থেকেই হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঝাড়খণ্ডের রাঁচির এক ব্যক্তির আধার অথেন্টিকেশন আইডি ব্যবহার করে এই চক্র চালানো হচ্ছিল। ওই আইডি সে কোথা থেকে পেল এবং এই কাজের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শুক্রবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে বিচারক ১০ দিনের হেফাজত মঞ্জুর করেন। পুলিশের অনুমান, এখনও পর্যন্ত বহু জাল আধার কার্ড তৈরি করা হয়েছে। পুরো চক্রের শিকড়ে পৌঁছাতেই জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।







