চাঁচল: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁচলে লায়ন্স ক্লাব ও মাড়োয়ারি যুব মঞ্চের অর্ণব শাখার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। চাঁচল লায়ন্স ক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত এই শিবিরে প্রায় ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী, সমাজসেবী লক্ষ্মণ পাণ্ডে, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাণগোপাল পোদ্দার, মুকেশ লোডা, নীতি আগরওয়াল-সহ অন্যান্যরা। শিবিরের শেষে লায়ন্স ক্লাবের রিজিয়নাল চেয়ারপার্সন সুদীপ্ত ঘোষও রক্তদান করেন।
উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমানে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। সেই সংকট মোকাবিলায় আরও বেশি মানুষ ও সংগঠনকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা দিবসকে মানুষের সেবার মাধ্যমে স্মরণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
লায়ন্স ক্লাবের রিজিয়নাল চেয়ারপার্সন সুদীপ্ত ঘোষ বলেন, “রক্তের কোনও বিকল্প নেই। নিয়মিত রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসতে হবে।” মাড়োয়ারি যুব মঞ্চ অর্ণব শাখার সভাপতি নীতিন আগরওয়াল বলেন, “স্বাধীনতা দিবস শুধু উদযাপনের দিন নয়, মানুষের সেবার দিনও। একজনের রক্তে অন্য একজনের জীবন বাঁচতে পারে।”







