হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর এলাকায় এক বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে বাড়ির শোওয়ার ঘর থেকে আতমা খাতুন (৩৮)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও রাত পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১ বছর আগে গাড়ল এলাকার বাসিন্দা আতমার সঙ্গে মোজাহিরের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। মোজাহির পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। কয়েক দিন আগে তিনি দিল্লি থেকে বাড়ি ফেরেন। পরিবারের দাবি, রবিবার সকালে ফোন করে আতমার বাবাকে তাঁর মেয়ের আত্মহত্যার খবর দেন মোজাহির।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহিরের এটি দ্বিতীয় বিয়ে। তাঁর আগের স্ত্রীরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







