রতুয়া: তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সোমবার তিন দিনের পুলিশি হেফাজত শেষে চাঁচল মহকুমা আদালতে তোলার জন্য রতুয়া থানা থেকে বের করা হলে শ্রবণ কুমার দাসকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়েন বিজেপি নেতা-কর্মীরা।
কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে। অভিযোগ, টাকা দেওয়ার পরও কাজের বরাত না পেয়ে টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতেই গত ১৩ অগাস্ট তাঁকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ।
চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সোমবার সেই হেফাজত শেষ হওয়ার পর ফের আদালতে তোলার জন্য তাঁকে থানা থেকে বের করা হয়। সেই সময়ই বিজেপি কর্মীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং স্লোগান দেন।
অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের দাবি, তোলাবাজির পাশাপাশি শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে। তাঁর আরও দাবি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্রবণ দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এই ধরনের কাজ চালিয়ে আসছিলেন।
যদিও অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।







