
হরিশ্চন্দ্রপুর: স্বাধীনতা দিবসেই তৃণমূলের দখলে থাকা দলীয় কার্যালয় নিজেদের দখলে নিল কংগ্রেস। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গোবরাঘাটে জাতীয় পতাকা উত্তোলনের পর কার্যালয়ে প্রবেশ করেন কংগ্রেস নেতা-কর্মীরা। কংগ্রেসের দাবি, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ওই কার্যালয় ২০১৯ সালে তৃণমূল দখল করে নেয়। দীর্ঘদিন ধরে কার্যালয়টির দখল নিয়ে আইনি লড়াইও চলেছে। সম্প্রতি তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদিন কার্যালয়টি ফের দখলে নেয় কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মোস্তাক আলম, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী ও ব্লক সভাপতি মহম্মদ হানিফ-সহ অন্যান্যরা। দীর্ঘ সাত বছর পর কার্যালয় ফিরে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা।







