উত্তরের নজর ব্যুরো: রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য স্বস্তির খবর। ই-কেওয়াইসি সম্পূর্ণ করার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আগে ১৬ অগস্টের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার কথা জানানো হলেও, এবার ২৩ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে গ্যাস ডিলারদের কাছে নির্দেশ পৌঁছেছে।
ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের গ্রাহকদের আধারভিত্তিক ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। ই-কেওয়াইসি না করলে ভবিষ্যতে নির্ধারিত দামের বদলে বেশি দামে সিলিন্ডার কিনতে হতে পারে বলে আগেই জানানো হয়েছিল। তবে অতিরিক্ত কত টাকা দিতে হবে, তা এখনও স্পষ্ট নয়।
অনলাইন ও অফলাইন—দুইভাবেই ই-কেওয়াইসি করা যাবে। সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা সম্ভব। এজন্য ‘Aadhaar Face RD’ অ্যাপও প্রয়োজন হতে পারে। অনলাইনে সমস্যা হলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আধার কার্ড দেখিয়েও ই-কেওয়াইসি করা যাবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন।







