রতুয়া, ১২ অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা বানচাল করার দাবি করল রতুয়া থানার পুলিশ। রবিবার রাতে চাঁদমনি এলাকায় হানা দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামের পাশাপাশি টোটোর ইঞ্জিন-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ধৃতরা হল রবিউল ইসলাম ও আশামুদ্দিন। দু’জনেরই বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার রাহাতপুর গ্রামে। এছাড়া মহবুল হক ও জাহিরুলের বাড়ি রতুয়ার ভাদো গ্রাম পঞ্চায়েতের বলদিয়াপুকুর গ্রামে। অপর ধৃত বুলু রাই রতুয়া গ্রাম পঞ্চায়েতের রাইপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে চাঁদমনি এলাকায় কয়েকজনের ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করার পর তল্লাশিতে উদ্ধার হয় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম। ধৃতদের জিজ্ঞাসাবাদে টোটোর ইঞ্জিন-সহ বিভিন্ন সামগ্রীর হদিস মেলে।
উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।







