হরিশ্চন্দ্রপুর: শুক্রবার সকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরপর চারটি দোকান। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের করিয়ালি রেলগেট সংলগ্ন এলাকায়। আগুনে ফল ও মিষ্টির দোকান পুড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চার ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, বোয়ালমারীর জিয়াউল হক, করিয়ালির দীপক সিংহ, লতাশির জামিরুল ইসলাম এবং করিয়ালির বালাপাথর এলাকার আলম। তাঁদের মধ্যে জিয়াউল ও জামিরুলের ফলের দোকান এবং দীপক ও আলমের মিষ্টির দোকান ছিল।
স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানা ও দমকল বিভাগে। পরে তুলসিহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি দোকানই কার্যত পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।







