চাঁচল: গভীর রাতে থানার ভিতরেই দাউদাউ করে জ্বলল আগুন! মালদার চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়াল চাঞ্চল্য। আগুনের গ্রাসে চলে আসে মালখানা-সহ একাধিক ঘর। খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আনা হয় আরও একটি ইঞ্জিন। দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিকও। আগুন ছড়িয়ে পড়ার আগেই উদ্ধার করা হয় গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি ও কম্পিউটার। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।






