চাঁচল: অনিশ্চয়তার মেঘ কাটিয়ে চাঁচলে ১০৯টি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হল। সোমবার দুপুরে চাঁচল থানাপাড়ার একটি অতিথি আবাসে আয়োজিত অনুষ্ঠানে পুজো কমিটিগুলির হাতে এক লক্ষ টাকা করে অনুদান তুলে দেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক আবজার আলি, থানার আইসি জয়দেব ঘোষ, ডেপুটি ম্যাজিস্ট্রেট নিরঞ্জন দাস, দুই ব্লকের বিডিও এবং সমাজসেবী সুভাষকৃষ্ণ গোস্বামী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সাংসদ খগেন মুর্মু। তাঁর দাবি, আগে রং ও দল দেখে সরকারি পরিষেবা দেওয়া হত। তাঁর এলাকার একাধিক পুজো কমিটি অনুদান থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সেই পথে হাঁটে না বলেও দাবি করেন তিনি।
অনুদানের চেক হাতে পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা। তাঁদের মতে, এই আর্থিক সহায়তায় পুজোর আয়োজন আরও সহজ হবে। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পুজোর প্রস্তুতিতে নতুন উদ্যমে ঝাঁপানোর কথা জানান তাঁরা।







