রতুয়াঃ বাড়িতে শিবপুজো। তার আগে কয়েকজনের সঙ্গে আড়াই কিলোমিটার দূরে ফুলহার নদীতে স্নান করতে গিয়েছিল বালিকা। কিন্তু স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় সে। তল্লাশির পর যখন তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়ে দেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার কাহালার চণ্ডীপুরে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, মৃত বালিকার নাম পুজা দাস(১২)। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। পুজা তলিয়ে যাওয়ার পর স্থানীয়রা প্রথমে তার খোঁজে তল্লাশি শুরু করেন। পরে পুলিশ এসে তল্লাশি শুরু করে।







