হরিশ্চন্দ্রপুরঃ নিট পরীক্ষায় একজন পেয়েছেন ৫৩৯, অন্যজন পেয়েছেন ৫৩৮। তারা যমজ ভাই। গত বছর পরীক্ষা দিলেও সাফল্য মেলেনি। তবে হাল ছাড়েননি দীপ ও জয়। এবার মিলেছে সাফল্য। দীপ-জয়ের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল গ্রামে। যমজ ভাই ডাক্তারীতে সুযোগ পাওয়ায় বাবা-মা, প্রতিবেশীদের পাশাপাশি খুশি সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক-ছাত্রছাত্রীরাও। দীপ ও জয়ের বাবা প্রকাশ দাস ছোট ব্যবসায়ী। মা চঞ্চলা দাস রাড়িয়াল প্রাথমিক স্কুলের পার্শ্বশিক্ষিকা। চাঁচল সিদ্ধেশ্বরী থেকে ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন দীপ ও জয়। দুজনেই ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন। এরপর তারা রাজস্থানের কোটায় নিটের প্রস্তুতির জন্য ভর্তি হন। প্রথমবার বিফল হলেও এবার সাফল্য ধরা দেয়। ভবিষ্যতে রেডিয়োলজিস্ট হতে চান দীপ। আর জয় হতে চান শল্য চিকিৎসক। জয় বলেন, আমরা খুব খুশি। সিদ্ধেশ্বরীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী বলেন, ওদের অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। রাড়িয়ালের বাসিন্দা শামিম ইব্রাহিম আহমেদ বলেন, আমরা রাড়িয়ালের সবাই খুব খুশি। ওরা ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকবেন, এটাই আমাদের আশা।







