চাঁচল: সমাজে এখনও যেখানে বহু ক্ষেত্রে কন্যা সন্তানকে ঘিরে নেতিবাচক মানসিকতার নজির দেখা যায়, সেখানে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ল মালদার চাঁচলে। পরিবারের প্রথম কন্যা সন্তানের জন্মকে স্মরণীয় করে রাখতে ফুল ও রঙিন বেলুনে সাজানো গাড়িতে শোভাযাত্রার মাধ্যমে নবজাতককে বাড়িতে নিয়ে গেল পরিবার। জানা গিয়েছে, কলিগ্রামের শহরবাগের বাসিন্দা রুকসার খাতুন গত রবিবার চাঁচলের একটি বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। মঙ্গলবার মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে পরিবারের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়। ফুল ও রঙিন বেলুনে সুসজ্জিত গাড়িতে করে শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে পৌঁছতেই নবজাতককে বরণ করে নেওয়া হয়। গ্রামবাসীদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়।
নবজাতকের বাবা নুর আলম বলেন, “চিকিৎসকদের আন্তরিক পরিচর্যায় আমার স্ত্রী ও কন্যা দু’জনেই সুস্থ রয়েছে। মেয়ে সন্তান হওয়ায় আমি খুবই আনন্দিত।”







