চাঁচল: চাঁচল বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দুপুরে দুই ষাঁড়ের তুমুল লড়াইকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যস্ত রাস্তায় হঠাৎ লড়াই শুরু হওয়ায় পথচারী ও যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই ছোটাছুটি শুরু করেন। লড়াইয়ের জেরে কয়েকজন মোটরবাইক আরোহী ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। তবে গুরুতর আহত হওয়ার খবর নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের রাস্তায় অবাধে ষাঁড় ঘুরে বেড়ালেও প্রশাসনের তরফে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এদিনের ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।








