রতুয়া, ১৮ নভেম্বর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বরাদ্দ সরকারি চাল কি কালোবাজারি হচ্ছে? মালদার রতুয়া-১ ব্লকের ভাদো এলাকায় ব্লক প্রশাসনের পরপর দু’দফা অভিযানে এক ব্যবসায়ীর বাড়ি ও গোডাউন থেকে উদ্ধার হল মোট ২১৯ বস্তা চাল। মঙ্গলবার বিকেলে প্রথম দফায় ৪৭ বস্তা এবং গভীর রাতে ফের অভিযান চালিয়ে আরও ১৭২ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত চাল নিয়ে যাওয়া হয়েছে রতুয়া থানায়। ফলে ওই চাল কি কালোবাজারির জন্য মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে প্রশাসন।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাদো এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়েছে বলে বিডিও কৌশিক প্রামাণিকের কাছে খবর আসে। এরপর তাঁর নির্দেশে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে অভিযান চালানো হয়। প্রথম দফার অভিযানে চাল উদ্ধারের পর গভীর রাতেও ফের তল্লাশি চালানো হয়। সেখান থেকেই আরও ১৭২ বস্তা চাল উদ্ধার হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্যসামগ্রী সরবরাহের সঙ্গে যুক্ত এক সরবরাহকারীর মাধ্যমে এই চাল ওই গোডাউনে পৌঁছেছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে চালগুলি কীভাবে সেখানে এল, এর পিছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।উল্লেখযোগ্য বিষয়, বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধারের পরেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ দায়ের কিংবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের খবর মেলেনি। অঙ্গনওয়াড়ির শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ চাল কীভাবে ব্যক্তিগত গোডাউনে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবি উঠছে।






