চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি প্রকল্পের সাইকেল। ক্ষোভে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল নবম শ্রেণির পড়ুয়ারা। চাঁচলের নেতাজি মোড়ে খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুল ও শীতলপুর মোবারকপুর হাইস্কুলের শতাধিক ছাত্র অবরোধে শামিল হয়। পড়ুয়াদের অভিযোগ, সাইকেল দেওয়ার কথা শুনে গাড়ি ভাড়া করে ব্লক অফিসে পৌঁছেও সারাদিন অপেক্ষা করতে হয়েছে। এদিন ছাত্রীদের সাইকেল দেওয়া হলেও তারা সাইকেল পায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে। প্রশাসনের আশ্বাসে ১৫-২০ মিনিট পর অবরোধ ওঠে। প্রশাসন জানিয়েছে, ভিড় বেশি হওয়ায় সকলকে সাইকেল দেওয়া সম্ভব হয়নি। আগামী বৃহস্পতিবার বাকি পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে।






