চাঁচল: পেশায় কৃষক। অথচ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিস! সেই সূত্রেই কি এ বার চাঁচলের মুলাইবাড়িতে এক যুবকের বাড়িতে ইডির অভিযান? সোমবার সকাল থেকে ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
এ দিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মুলাইবাড়িতে পৌঁছন ইডির তিন আধিকারিক। তাঁদের সঙ্গে রয়েছে স্থানীয় থানার পুলিশও। জানা গিয়েছে, বাড়ির মালিক শফিকুল আলম ওরফে লিটন কৃষিকাজের সঙ্গে যুক্ত। সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই তাঁর অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে এই অভিযান বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
তবে অভিযান চলাকালীন বাড়িতে ছিলেন না লিটন। তাঁর বাবা-মাও বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। ইডির আধিকারিকরা বাড়ির ভিতরে নথিপত্র ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছেন। ঠিক কী কারণে ওই অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, তার সঙ্গে সাইবার অপরাধের যোগই বা কোথায়—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। আধিকারিকদের তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত অবশ্য গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট ছবি মেলেনি।






