চাঁচল: সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা—টানা ১২ ঘণ্টা ধরে মালদহের চাঁচলের মুলাইবাড়িতে সাইবার মামলায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালাল ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে দীর্ঘক্ষণ তল্লাশি চালান আধিকারিকেরা। সূত্রের খবর, বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই অভিযান।
অভিযানের সময় শফিকুল ও তাঁর বাবা-মা বাড়িতে ছিলেন না। সন্ধ্যা পর্যন্ত তাঁদের দেখা না মেলায় শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা। বাড়িতে ছিলেন শফিকুলের অন্তঃসত্ত্বা স্ত্রী। তাঁর খুড়তুতো ভাই মাবুদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দাবি, আর্থিক লেনদেন সম্পর্কে তিনি কিছুই জানেন না।
কমিশনের ভিত্তিতে শফিকুল সাইবার অপরাধে যুক্ত থাকতে পারেন বলে সূত্রের খবর। তবে অভিযানের বিষয়ে ইডির আধিকারিকেরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি। টানা ১২ ঘণ্টার অভিযানে দিনভর মুলাইবাড়িতে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য।






