
চাঁচল: মণ্ডপজুড়ে বেদ-পুরাণের দেবদেবী, সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত পার্থ সারথি মন্দিরের আদল। সাবেকি প্রতিমা আর পৌরাণিক আখ্যানের মেলবন্ধনে এবার দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত মালদহের চাঁচল বিবেকানন্দ স্মৃতি সংসদের দুর্গাপুজো। ৫১তম বর্ষে অভিনব ভাবনায় সেজে উঠেছে পুজো মণ্ডপ।
মহাপঞ্চমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মণ্ডপসজ্জায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শ্রীকৃষ্ণ ও মা কালী-সহ বিভিন্ন দেবদেবীর উপস্থাপনা বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। পৌরাণিক আবহকে আরও জীবন্ত করে তুলেছে মণ্ডপের সাজসজ্জা।
এবারও সাবেকি প্রতিমার ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয় মৃৎশিল্পী লালু পাল। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন উত্তম দাস। উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী, এবারের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। ঐতিহ্য, পৌরাণিক কাহিনি আর শিল্পের মেলবন্ধনে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড়ে মণ্ডপ জমজমাট হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা।







