রতুয়া, ১৪ অক্টোবর: দলীয় সমীকরণের বদলে বিরোধীদের সমর্থনে মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় এল কংগ্রেস। বুধবার নতুন প্রধান নির্বাচনে ১৬টি ভোট পেয়ে জয়ী হন কংগ্রেসের অবণী মণ্ডল। তাঁকে সমর্থন করেন তৃণমূলের একাংশের পাশাপাশি বিজেপি ও সিপিএমের সদস্যরা।
২৩ আসনের এই পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল ১২টি, কংগ্রেস পাঁচটি, বিজেপি চারটি এবং সিপিএম দুটি আসন পেয়েছিল। প্রধান মঞ্জু রায়ের বিরুদ্ধে অনাস্থা আনে দলের একাংশ ও বিরোধীরা। অনাস্থার তলবি সভায় অপসারিত হওয়ার পর বুধবার নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন অবণীকে সমর্থন করেন তৃণমূলের আট, বিজেপির চার, সিপিএমের দুই এবং কংগ্রেসের দুই সদস্য। উপপ্রধান হাসানুজ্জামানও তাঁর পাশে দাঁড়ান। বাকি সদস্যরা অনুপস্থিত থাকায় ১৬-০ ভোটে জয় নিশ্চিত হয়।
বোর্ড দখলের পর উচ্ছ্বাসে মাতেন কংগ্রেস কর্মীরা। উপপ্রধানের বক্তব্য, পঞ্চায়েতের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। নবনির্বাচিত প্রধানও মানুষের স্বার্থে কাজ করার আশ্বাস দিয়েছেন।







