হরিশ্চন্দ্রপুর : গোলগাল চেহারা, রসে টইটম্বুর শরীর! মুখে দিলেই মিষ্টি স্বাদে মন ভরে যায়। কিন্তু এই রসগোল্লা কার? বাংলা না ওড়িশার? মিষ্টির এই টানাপোড়েনকেই এবার দুর্গাপুজোর মণ্ডপে তুলে ধরছেন মালদার হরিশ্চন্দ্রপুরের ডেলি মার্কেট ঘোষপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা। তাঁদের এ বছরের অভিনব থিম— ‘রসগোল্লা তুমি কার?’ মিষ্টির লড়াইয়ে বাংলার জয়ের কাহিনিই এবার পুজোমণ্ডপে পরিবেশন করতে চলেছেন তাঁরা।
রসগোল্লার জন্ম ও স্বত্ব নিয়ে বাংলা এবং ওড়িশার দীর্ঘ বিতর্কের কথা অনেকেরই জানা। ২০১৭ সালের ১৪ নভেম্বর বাংলার রসগোল্লা ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পায়। সেই ঐতিহাসিক ঘটনাকেই থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপসজ্জায় থাকছে রসগোল্লা তৈরির নানা পর্যায়ের উপস্থাপনা। ফলে ঠাকুর দেখার পাশাপাশি বাঙালির প্রিয় মিষ্টির ইতিহাসও জানার সুযোগ মিলবে দর্শনার্থীদের।
এই পুজোর আরও একটি বিশেষত্ব হল, উদ্যোক্তাদের বড় অংশই মহিলা। পুজোর আয়োজন থেকে শুরু করে ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বছর কুড়িতে পা দিয়েছে ডেলি মার্কেট ঘোষপাড়া সর্বজনীন দুর্গাপুজো। তাই বর্ষপূর্তির আনন্দের সঙ্গে অভিনব থিমের মিষ্টি চমকও থাকছে দর্শনার্থীদের জন্য।
পুজো কমিটির সম্পাদক প্রমীলা ভৌমিক বলেন, “রসগোল্লা শুধু একটা মিষ্টি নয়, বাঙালির আবেগ ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। রসগোল্লাকে ঘিরে বাংলার যে ঐতিহাসিক সাফল্য, সেটাই আমরা থিমের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের আশা, এই অভিনব ভাবনা দর্শনার্থীদের ভালো লাগবে। ঠাকুর দেখার পাশাপাশি তাঁরা রসগোল্লার ইতিহাসও জানতে পারবেন। এবার আমাদের মণ্ডপে এলে মিষ্টিমুখের সঙ্গে মিলবে ইতিহাসের স্বাদও।”
সব মিলিয়ে, দেবী দুর্গার আরাধনার সঙ্গে রসগোল্লার ইতিহাসের মেলবন্ধন ঘটিয়ে এবার দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত ঘোষপাড়া। মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে রসগোল্লার টানে ভিড় জমে কি না, এখন সেটাই দেখার!







