মানিকচক: বন্যার জল নামলেও দুর্ভোগ পুরোপুরি কাটেনি। এরই মধ্যে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আগামী ৮ অক্টোবর মানিকচকে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠে জনসভা করার পাশাপাশি সেখান থেকেই বন্যাদুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ডিবিটি-র মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শনিবার থেকেই মানিকচকে শুরু হয়ে গেল জোর প্রস্তুতি। এদিন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ব্লক প্রশাসনের আধিকারিকরা মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠ পরিদর্শন করেন। সভার মঞ্চ, মানুষের বসার জায়গা, নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
শুধু সভাস্থল নয়, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য মানিকচক কলেজ চত্বরে তৈরি হওয়া হেলিপ্যাডও পরিদর্শন করেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা।
বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল বলেন, “আগামী ৮ অক্টোবর মুখ্যমন্ত্রী মানিকচকে এসে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াবেন। প্রায় সাত হাজার মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি জেলার প্রায় ২৫ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে ডিবিটি-র মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার কঠিন সময়ে এই সহায়তা দুর্গত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। বন্যাকবলিত ভূতনি-সহ জেলার দুর্গত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই সফরের অন্যতম লক্ষ্য বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে







