
চাঁচল: ফুল, শস্য, মাটি, পাতা ও বীজের রঙে ফুটে উঠল দেশের ভবিষ্যতের ভাবনা। পরিবেশবান্ধব উপকরণে রঙ্গোলি সাজিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা তুলে ধরল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের পড়ুয়ারা। শনিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল ‘সেবা রঙ্গোলি—দেশের সঙ্গে’ কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের সৃজনশীলতার পাশাপাশি দেশের জাতীয় প্রতীক এবং বিভিন্ন সরকারি উদ্যোগের সঙ্গে পরিচিত করানো হয়। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনাকে সামনে রেখে নিজেদের কল্পনা ও ভাবনাকে রঙের মাধ্যমে ফুটিয়ে তোলে পড়ুয়ারা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার। প্লাস্টিক বা কৃত্রিম সামগ্রীর পরিবর্তে ফুল, শস্য, মাটি, পাতা ও বীজ দিয়ে তৈরি হয় রঙ্গোলি। ফলে শিল্পচর্চার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে যায় পড়ুয়াদের মধ্যে।
সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী বলেন, “এই ধরনের কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা শুধু নিজেদের সৃজনশীলতাকে প্রকাশ করার সুযোগ পায় না, দেশ ও সমাজ সম্পর্কে তাদের ভাবনাও আরও সমৃদ্ধ হয়। একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে তাদের মধ্যে সহযোগিতার মানসিকতাও তৈরি হয়।”
স্কুল কর্তৃপক্ষের মতে, ‘সেবা রঙ্গোলি—দেশের সঙ্গে’ নিছক একটি রঙ্গোলি তৈরির কর্মসূচি নয়। শিল্প, পরিবেশ সচেতনতা এবং দেশ সম্পর্কে ভাবনাকে একসূত্রে মিলিয়ে পড়ুয়াদের জন্য এটি হয়ে উঠেছে শ্রেণিকক্ষের বাইরের এক অভিনব শিক্ষণ-অভিজ্ঞতা।







