রতুয়া: ১৮, সেপ্টেম্বর: মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের হরগোবিন্দপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম রিমা খাতুন (২৮)। প্রায় আট বছর আগে সিকান্দার আনসারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই রিমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তাঁর স্বামী। দাম্পত্য অশান্তি নিয়ে একাধিকবার সালিশি হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে রিমার দেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিকান্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।







