সামসি: বিশ্বকর্মা পুজোর উৎসবের আবহেই মানবিক উদ্যোগ সামসি বিদ্যুৎ দপ্তরে। শুক্রবার দপ্তরের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। দপ্তর সূত্রে খবর, শিবিরে ৫১ জন রক্তদান করেন। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। নিজেও রক্তদান করেন স্টেশন ম্যানেজার শুভেন্দু চৌধুরী।
তিনি বলেন, রক্তের কোনও বিকল্প নেই। মানুষের জীবন বাঁচাতে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।
শিবিরে উপস্থিত ছিলেন দফতরের উত্তর মালদহের ডিভিশনাল ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য, চাঁচল, মালতিপুর ও পরানপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার আব্দুর রহিম-সহ আধিকারিক ও কর্মীরা। ছিলেন রতুয়া-১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রুকসানা পারভীনও। বিশ্বকর্মা পুজোর আনন্দের পাশাপাশি রক্তদানের এই উদ্যোগে কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে।







