বামনগোলা, ১৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর আবহে উৎসবের রঙে ভাসল বামনগোলা। টাঙ্গন নদীর বুকে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ৮৫তম নৌকা বাইচ প্রতিযোগিতা। বামনগোলা ও গাজোল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে, মালদা জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই নদীর দুই পাড়ে জমে ওঠে মানুষের ভিড়।
নৌকা জলে নামতেই বাড়তে থাকে উত্তেজনা। নদীর পাড়ের পাশাপাশি সেতুর উপরও ঠাঁই মেলেনি দর্শকদের। মাঝিদের দক্ষতা আর নৌকার ছন্দে টাঙ্গনের জল যেন হয়ে ওঠে প্রতিযোগিতার মঞ্চ। দূরদূরান্ত থেকেও বহু মানুষ হাজির হন এই পুরনো ঐতিহ্যের সাক্ষী হতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জুয়েল মুর্মু, সাংসদ খগেন মুর্মু, বিধায়ক চিন্ময় দেব বর্মন-সহ প্রশাসনিক আধিকারিক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। উৎসবের আবহে নিরাপত্তায় ছিল পুলিশও। ঐতিহ্য আর উন্মাদনার মেলবন্ধনে এবারের নৌকা বাইচ হয়ে উঠল বামনগোলার অন্যতম আকর্ষণ।







