রতুয়া, ১৮ সেপ্টেম্বর: বন্যা ও নদীভাঙনে বিপর্যস্ত মালদার রতুয়া ও ভূতনির বিস্তীর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়াল আলোক দ্বীপ হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার বিকেলে সংগঠনের সদস্যরা রতুয়া থানার সূর্যাপুর, জিতুটোলা ও পশ্চিম রতনপুরের নদীভাঙন এলাকায় পৌঁছে দুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
মুড়ি, চিড়ে, চানাচুর, বিস্কুট, কেক, শিশুদের জন্য চকলেট এবং পরিশ্রুত পানীয় জল দেওয়া হয়। ত্রাণ পেয়ে খুশি নদীতীরবর্তী অসহায় পরিবারগুলি।
সংগঠনের সদস্য অভিজিৎ সিংহ জানান, আগামী দিনে মানিকচক-সহ আরও দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সদস্য নির্মল কুমার সিংহ বলেন, গত ৪-৫ বছর ধরে তাঁরা মানবিক কাজের সঙ্গে যুক্ত। প্রতি বছর গঙ্গাভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তাঁরা। আগামী দিনেও আরও ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।







