মালদা: বাড়ির আলমারি অক্ষত। কিন্তু আলমারি থেকে উধাও প্রায় ২৪ লক্ষ টাকা নগদ ও ২৫ ভরি সোনার গয়না! বুধবার সকালে চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী সইদুর রহমান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিচের ঘর থেকে উপরের তলার শৌচালয়ে গিয়েছিলেন সইদুর রহমান। সেই সময় বাড়িতে ফেরেন তাঁর স্ত্রী হাসনা বানু ও মেয়ে। ঘরে ঢুকেই তাঁরা দেখতে পান, আলমারিতে রাখা বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না নেই।
অভিযোগ, ওই সময়ের সুযোগ নিয়েই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তবে চুরির পরেও আলমারি কিংবা ঘরের কোনও জিনিসপত্রে ভাঙচুরের চিহ্ন মেলেনি। নির্দিষ্ট জায়গা থেকেই টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা।
ভাঙচুরের কোনও চিহ্ন না থাকায় পরিচিত কারও যোগ থাকতে পারে বলে সন্দেহ পরিবারের। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।







