চাঁচল, ১৪ সেপ্টেম্বর: তৃণমূলের রাজনৈতিক টানাপোড়েনের আবহেই নিজের বিধানসভা এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। রবিবার সন্ধ্যায় চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে মৃত তৈয়ব আলির পরিবারকে চাল, মুড়ি, ত্রিপল, পোশাক ও আর্থিক সাহায্য দেন তিনি। একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে স্ত্রী বেগম বিবি ও পরিবার কার্যত দিশেহারা। আবাস যোজনার ঘর না থাকায় দুর্যোগে সমস্যাও বেড়েছে।
পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রহিম বলেন, “কোন নেতা ঘরে বসে আছে জানি না। আমি জনপ্রতিনিধি। আগেও মানুষের পাশে ছুটেছি, এখনও ছুটছি, আগামীতেও ছুটব।”
সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধান ছবি সরকার-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্ব।







