হরিশ্চন্দ্রপুর: মালদা জেলা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলার অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলে জায়গা করে নিল হরিশ্চন্দ্রপুরের সুদীপ্তা মণ্ডল। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে রাজ্যের নির্বাচিত মহিলা ফুটবলারদের নিয়ে ট্রায়ালের পর গঠিত হয় বাংলা দল। সেই দলেই সুযোগ পেয়েছে সুদীপ্তা। বর্তমানে উত্তর দিনাজপুরের হাতিয়া হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে সে।
এর আগেও গত বছর দু’বার বাংলার অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছিল সুদীপ্তা। রাজ্যের হয়ে জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে এই তরুণ ফুটবলার।
রবিবার বিকেলেই বাংলা দলের সঙ্গে অন্ধ্রপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছে সুদীপ্তা। আগামী ১৬ সেপ্টেম্বর অনন্তপুরে শুরু হচ্ছে জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ (টায়ার-১)। গ্রুপ-বি-তে প্রথম ম্যাচে মহারাষ্ট্রের মুখোমুখি হবে বাংলা।
সুদীপ্তার বাবা সুবীর মণ্ডল হরিশ্চন্দ্রপুর ভূমি সংস্কার দফতরের বাইরে একটি ছোট জেরক্সের দোকান চালান। মেয়ের সাফল্যে খুশি তিনি। তাঁর কথায়, জেলা থেকে একমাত্র মেয়েই এবার রাজ্য দলে সুযোগ পেয়েছে। অন্ধ্রপ্রদেশে জাতীয় প্রতিযোগিতায় সুদীপ্তা ভালো ফল করবে বলেই আশাবাদী তিনি।
সুদীপ্তার কথায়, “জেলা থেকে রাজ্যের অনূর্ধ্ব-১৬ মহিলা দলে একমাত্র সুযোগ পেয়েছি। আশা করছি, এই প্রতিযোগিতায় ভালো খেলব এবং বাংলাকে সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারব।”







