চাঁচল, ১০ সেপ্টেম্বর: আদালতের নির্দেশে ৪৯ দিন পর ফের প্রধানের চেয়ারে ফিরলেন মালদহের চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান তফিজুল হক। বৃহস্পতিবার প্রধানের পদ ফিরে পাওয়ার পরেই অবশ্য নতুন করে অনাস্থার হুঁশিয়ারি দিল তৃণমূল। ফলে জালালপুরে পঞ্চায়েতের দখল ঘিরে কংগ্রেস-তৃণমূল টানাপোড়েন আরও বাড়ল।
গত পঞ্চায়েত নির্বাচনে ২৮ আসনের জালালপুরে কংগ্রেস ১৬টি এবং তৃণমূল ১২টি আসন পায়। কংগ্রেস বোর্ড গড়ে তফিজুলকে প্রধান করে। পরে উপপ্রধান কোহিনুর বিবি-সহ পাঁচ কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। অনাস্থায় হেরে তফিজুল অপসারিত হলে তৃণমূল বোর্ড দখল করে। ২২ জুলাই নতুন প্রধান হন বিজলি আখতার।
তবে অনাস্থার সভা নির্দিষ্ট সময়ে না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। আদালতের নির্দেশেই এ দিন তফিজুলকে ফের প্রধানের পদে বসানো হয়। উপপ্রধান পদে রয়ে গিয়েছেন কোহিনুর। দলত্যাগ বিরোধী আইনে কোহিনুর-সহ পাঁচ সদস্যের পদ খারিজের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।
মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘‘ফের অনাস্থার চিঠি করছি। কংগ্রেসের প্রধানকে ৩০ দিনের বেশি চেয়ারে থাকতে দেব না।’’
কংগ্রেসের পাল্টা দাবি, ফের অনাস্থা হলেও তারা প্রস্তুত। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তফিজুল।







