চাঁচল, ১০ সেপ্টেম্বর: কলিগ্রাম থেকে মালদহ-সহ বিভিন্ন রুটে পর্যাপ্ত বাস চালানো এবং নির্দিষ্ট সময়সূচি মেনে পরিষেবা দেওয়ার দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কলিগ্রাম ডিপোতে স্মারকলিপি দিল নাগরিক কমিটি। বৃহস্পতিবার ডিপো ইনচার্জ কুমারেশ ভট্টাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই একাধিক বাস চাঁচলে চলে যাওয়ায় পড়ুয়া, রোগী-সহ সাধারণ যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সকালে মালদহগামী বাসের ঘাটতি রয়েছে। নাগরিক কমিটির দাবি, সকাল ৮টার পর থেকে বিকেল পর্যন্ত মালদহের জন্য অন্তত দু’টি বাস, সকালে কলকাতাগামী এবং হরিরামপুর হয়ে বালুরঘাটগামী বাস চালু করতে হবে। পাশাপাশি কুশিদা-মালদহ, আসানসোল রুটে বাস এবং ডিপোয় প্রতীক্ষালয়ের পরিকাঠামোর দাবিও জানানো হয়েছে। ইনচার্জ জানান, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।







