চাঁচল, ২৬ অগস্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় আবেগ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে চাঁচলে অনুষ্ঠিত হল সুবিশাল ইসলাম ধর্মীয় শোভাযাত্রা। প্রতিবছরের মতো এবারও চাঁচল নূরী জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং তানযীমে আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচালনায় এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
বুধবার চাঁচল শহরের আদর্শপল্লিতে অবস্থিত নূরী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা হয়। খেজুরিয়া মোড়, শান্তিমোড়, দুর্গাবাড়ি মোড়, বারোগাছিয়া, তরলতলা ও নেতাজি মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের মসজিদ প্রাঙ্গণেই শেষ হয় শোভাযাত্রা। হাতে ধর্মীয় পতাকা ও মুখে নবীজির প্রশংসা—আবেগ ও শ্রদ্ধায় শামিল হন চাঁচল মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এর প্রতিষ্ঠাতা তথা চাঁচল মহকুমা তানযীম কমিটির সভাপতি আব্দুর রহিম মিসবাহী, নূরী জামে মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান-সহ বিশিষ্ট ব্যক্তিরা। কলিগ্রাম, চন্দ্রপাড়া, ডাহুকা, কনুয়া-সহ বিভিন্ন এলাকার মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যরাও অংশ নেন। উদ্যোক্তাদের দাবি, প্রায় আট হাজার মানুষের সমাগম হয়েছিল।
শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তায় কোনও খামতি রাখেনি প্রশাসন। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহার নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিলেন।
শোভাযাত্রা শেষে নূরী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। সেখানে হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও মানবতার বার্তা নিয়ে আলোচনা করেন বক্তারা। দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনায় করা হয় বিশেষ দোয়া। শেষে কয়েক হাজার মানুষের জন্য সিন্নিরও আয়োজন করা হয়।






