হরিশ্চন্দ্রপুর: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার নোংরা জলে থইথই করছে পথঘাট। দীর্ঘদিনের এই সমস্যার প্রতিবাদে রবিবার জমা জলের মধ্যে মাছ ধরার জাল ফেলে অভিনব বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশলপুর-কুশডাঙ্গি এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দীর্ঘদিন জমে থাকে। পচা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি নোংরা জল বাড়িতেও ঢুকে পড়ছে। স্কুলপড়ুয়া, শিশু, মহিলা ও বয়স্কদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও যেতে পারছেন না অনেকেই। স্থানীয়দের দাবি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত নিকাশি নালা নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, রাস্তার ধারে হেলে থাকা পুরনো বটগাছ নিয়েও দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা।







