মালদা: ঝাঁ চকচকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। বাইরে থেকে আধুনিক, অত্যাধুনিক পরিকাঠামো। কিন্তু হাসপাতালের ভিতরে যেন অন্য ছবি! রোগীর বেডের পাশেই রাখা হচ্ছে ইঁদুর ধরার যন্ত্র। অভিযোগ, রাতের অন্ধকারে অসুস্থ রোগীদের বেডে উঠে পড়ছে ইঁদুর। এমনকি রোগীদের শরীরে ইঁদুরের কামড়ের অভিযোগও উঠেছে। আর সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চাঞ্চল্য।
রোগীদের একাংশের প্রশ্ন, হাসপাতাল যখন রোগ সারানোর জায়গা, সেখানে রোগীর বেডের পাশে যদি ইঁদুর ধরার যন্ত্র রাখতে হয়, তাহলে হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠবেই। অনেকটা যেন—রোগীর সঙ্গে একই ওয়ার্ডে ‘সহবাস’ করছে ইঁদুরও!
ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন ইংরেজবাজার বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর কটাক্ষ, হাসপাতালে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে মানেই সেখানে ইঁদুরের অস্তিত্ব রয়েছে। তাঁর অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। সরকার বদলালেও সরকারি আধিকারিকদের পরিবর্তন হয়নি বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাঁর। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরবেন বলেও জানান তিনি।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ইঁদুরের সমস্যার কথা অস্বীকার করেনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, ইঁদুরের সমস্যা রয়েছে। তবে অসুস্থ রোগীদের যাতে কোনও ক্ষতি না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে।
ফলে আপাতত মালদা মেডিকেলে রোগীদের লড়াই শুধু রোগের বিরুদ্ধে নয়, রাতের বেলা ‘ইঁদুরবাবুদের’ বিরুদ্ধেও! আর এই ঘটনাই হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।







