মালদা: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার ইংলিশবাজার পৌরসভায় বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। সকাল থেকেই পৌরসভা চত্বরে ভিড় জমে যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের। বিক্ষোভকারীদের দাবি, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হলেও তাঁদের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকছে না। কারও স্বামী সবজি বিক্রি করেন, কেউ ছোট দোকান চালান। অনেকেরই টালির বাড়ি। তাঁদের অভিযোগ, বাড়িতে তিনটি ঘর থাকার কারণ দেখিয়ে অনেককে সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা ৮-১০ জন হলে কয়েকটি ঘর থাকলেই আর্থিক স্বচ্ছলতা প্রমাণ হয় না বলেই দাবি তাঁদের। প্রকৃত পরিস্থিতি যাচাই করে যোগ্য পরিবারগুলিকে দ্রুত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।







