রতুয়া, ২০ অগস্ট: রাজ্য সড়কে অবৈধ টোটো, ভুটভুটি ও ম্যাজিক গাড়ির চলাচল বন্ধের দাবিতে রতুয়ায় বাস ধর্মঘট অব্যাহত। মঙ্গলবার থেকে রতুয়া বাস ও মিনিবাস শ্রমিক সংগঠনের ডাকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট বৃহস্পতিবারও প্রত্যাহার করা হয়নি। ফলে টানা তিন দিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা কার্যত বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। রতুয়া থেকে মানিকচক, মাদিয়া, পীরগঞ্জ-সহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় অনেক ক্ষেত্রেই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। বাস শ্রমিক সংগঠনের অভিযোগ, রাজ্য সড়কে নিয়মবহির্ভূতভাবে টোটো, ভুটভুটি ও ম্যাজিক চলাচলের ফলে দীর্ঘদিন ধরেই বাস পরিষেবা সমস্যার মুখে পড়েছে। রতুয়া বাস ও মিনিবাস ইউনিয়নের সম্পাদক ওসমান গনি বলেন, অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জানানো হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। টানা তিন দিন বাস পরিষেবা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা। একইসঙ্গে বাস পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। এ নিয়ে মালদা জেলা পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানান, পরিস্থিতি নিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিক সংগঠনের কাছে সাত দিন সময় চাওয়া হয়েছে।







